বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

Radio Today News

বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫০, ২৪ মার্চ ২০২৬

Google News
বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

আগে থেকেই বাতাসে ভাসছিল গুঞ্জন। অবশেষে অনুমিত সেই গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার সহকারী হিসেবে এই নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার নাদিফ চৌধুরী এবং নাঈম ইসলাম। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নির্বাচক প্যানেলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি।

৫৩ বছর বয়সী হাবিবুল বাশারের জন্য নির্বাচকের ভূমিকাটি অবশ্য নতুন নয়। এর আগেও তিনি জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে তিন হাজার রান করার অনন্য কীর্তিও সাবেক এই অধিনায়কের দখলে।

নতুন এই নির্বাচক প্যানেলে বাশারের সঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন নাঈম ইসলাম। দেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির দারুণ রেকর্ডও রয়েছে তাঁর।

অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করা নাদিফ চৌধুরীও বেশ অভিজ্ঞ। ক্রিকেট থেকে অবসরের পর বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করার পাশাপাশি তরুণ প্রতিভা অন্বেষণের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। মূলত আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওই মেগা আসরের জন্য একটি শক্তিশালী দল গঠনের গুরুদায়িত্ব থাকছে বাশার-নাঈম-নাদিফদের কাঁধে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের