মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের দূতাবাস। রবিবার (২৯ মার্চ) কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কুয়েতপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি আরব হয়ে ঢাকায় ফ্লাইট চালু করার উদ্দেশ্যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইনস ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আশা করা যায়, কুয়েতপ্রবাসীদের জন্য শিগগিরই সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ দূতাবাসের অব্যাহত প্রচেষ্টার ফলে এর মধ্যে সোমবার থেকে (২ এপ্রিল ছাড়া) প্রতিদিন সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পরিচালিত হবে। শিগগিরই দাম্মাম থেকে ঢাকা রুটে কুয়েত এয়ারলাইনসের ফ্লাইটও চালু হবে মর্মে আশা করা যাচ্ছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনে সৌদি আরব হয়ে বাংলাদেশ বা অন্যান্য গন্তব্যে ভ্রমণ করার জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েতের সহায়তায় সৌদি আরবের প্রবেশ অনুমোদন ও অ্যান্ট্রি পারমিট প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ চলমান থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে আটকে পড়া কুয়েতে আগমনে ইচ্ছুক কুয়েতপ্রবাসী বাংলাদেশি এবং কুয়েতের নতুন ভিসাধারী বাংলাদেশি কর্মীদের সৌদি আরব হয়ে কুয়েতে আগমনের উদ্দেশে সৌদি আরবের ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজলভ্য করার জন্য বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা এর মাধ্যমে ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে। শিগগিরই এসংক্রান্ত ইতিবাচক ফল পাওয়া যাবে মর্মে আশা করা যাচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

