বগুড়ার মোকামতলা উপজেলার নতুন গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসকের বরাত দিয়ে আজ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
মিডিয়া সেল জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নতুন নাম চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এর মাধ্যমে শিবগঞ্জে 'মীরবাড়ি ইউনিয়ন' এবং মোকামতলায় 'সীমান্ত', 'দিগন্ত' ও 'স্বর্ণগ্রাম' নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। মূলত ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত এবং দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছিল।
নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে ‘মীরবাড়ি’ এবং তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম রাখা হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নামে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
বিষয়টি জাতীয় সংসদেও সমালোচনার জন্ম দেয়। তবে প্রতিমন্ত্রী শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে নামগুলো নির্ধারণ করেছে এবং ভৌগোলিক কারণে রাখা নামগুলো কাকতালীয়ভাবে তার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩ জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় উপজেলা বিএনপির এক নেতাসহ কয়েকজন নামকরণের প্রস্তাব দিলে প্রশাসন তা জেলা প্রশাসকের কাছে পাঠায় এবং পরবর্তীতে গেজেট জারি করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

