অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে। তাঁর ভাষায়, ‘বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ ও সঠিক নীতিমালা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমানের সাফল্য দেখাতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে কার্যকর নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়; এটি একটি মৌলিক অধিকার।
তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

