সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জলবায়ু ঝুঁকিতে ২৫ দেশ, ঋণের ভারে দেউলিয়ার পথে: নাশিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৪, ৫ অক্টোবর ২০২৬

Google News
জলবায়ু ঝুঁকিতে ২৫ দেশ, ঋণের ভারে দেউলিয়ার পথে: নাশিদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রায় ২৫টি ঝুঁকিপূর্ণ দেশ ঋণের ভারে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও এসব দেশকে অভিযোজনের পেছনে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে ঋণ বাড়ছে, সংকুচিত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক খাতের অর্থায়ন।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

মোহাম্মদ নাশিদ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মালদ্বীপকে প্রতিবছর জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করতে হচ্ছে। বাঁধ নির্মাণ, উপকূলীয় ভাঙন রোধ ও বৃষ্টির পানি সংরক্ষণসহ বিভিন্ন অবকাঠামোতে এই অর্থ ব্যয় হয়। অথচ এসব সমস্যার জন্য মালদ্বীপ দায়ী নয়। অভিযোজনের ব্যয় মেটাতে গিয়ে দেশটি ঋণের চাপে পড়ছে। বর্তমানে বাজেটের প্রায় ২৫ শতাংশ ঋণ পরিশোধে চলে যাচ্ছে। ফলে শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক খাতে ব্যয়ের সুযোগ কমছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন শুধু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয় নয়। সমুদ্রের তাপমাত্রা বাড়ায় প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে, উপকূলীয় ভাঙন বাড়ছে এবং দ্বীপগুলো বিলীন হওয়ার ঝুঁকিতে পড়ছে। প্রবাল ধ্বংসের কারণে সামুদ্রিক মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের জীবিকায়।

নাশিদ বলেন, কিছু দেশ পৃথিবীর সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করে ধনী হয়েছে, যার মূল্য দিতে হয়েছে অন্যদের। নেপালের মানুষ এমন কিছু করেনি, যার কারণে সেখানে ভয়াবহ বন্যা হতে পারে। একইভাবে মালদ্বীপের মানুষও এমন কিছু করেনি, যার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এতটা বাড়বে। তাই এর খেসারত কাউকে না কাউকে দিতে হবে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো কোনো দান বা অনুদান চায় না। তারা পৃথিবীকে যে পরিবেশগত সেবা দিচ্ছে, তার ন্যায্য মূল্য চায়। প্রকৃতি রক্ষা কোনো খরচ নয়, এটি একটি বিনিয়োগ।

কংক্রিটের কাঠামোর বদলে প্রকৃতিভিত্তিক অভিযোজনের ওপর জোর দিয়ে নাশিদ বলেন, প্রতি মিটার প্রবাল প্রাচীর পুনরুজ্জীবনে প্রায় ২০ ডলার এবং ম্যানগ্রোভ রোপণে ৫ ডলার খরচ হয়। অথচ কৃত্রিম বাঁধ নির্মাণে ব্যয় হয় হাজার হাজার ডলার। তাই প্রযুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে দ্রুত প্রবাল পুনরুজ্জীবনের উদ্যোগ নিতে হবে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় ভবিষ্যতে রাষ্ট্রের ভৌগোলিক সীমানা ও অর্থনৈতিক অঞ্চল নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে সতর্ক করেন তিনি। নাশিদ বলেন, তটরেখার ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারিত হয়। মালদ্বীপের তটরেখা তলিয়ে গেলে তাদের রাজনৈতিক সীমানা ও অর্থনৈতিক অঞ্চলের কী হবে, তা এখনই ভাবতে হবে।

তিনি জানান, মালদ্বীপের প্রায় ২০০ নটিক্যাল মাইলের অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত সম্পদ ব্যবহারের অধিকার রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব অধিকার হুমকিতে পড়তে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘের সমুদ্র আইন (ইউএনক্লস) নতুন করে বিবেচনার আহ্বান জানান তিনি।

নাশিদ বলেন, মালদ্বীপকে হারিয়ে যাওয়ার আগেই অন্য অনেক দেশের ভূখণ্ডও জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে পড়তে পারে। তাই এটি কোনো একটি দেশের সমস্যা নয়, টিকে থাকার স্বার্থেই উন্নয়ন ও পরিবেশের মধ্যে নতুন ভারসাম্য তৈরি করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536