মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৪, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:০৪, ৬ অক্টোবর ২০২৬

Google News
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাব-রেজিস্ট্রারদের বদলি-পদায়নে স্বচ্ছতা আনা এবং পূর্বের নেতিবাচক ধারণা থেকে উত্তরণের লক্ষ্যে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করা হয়েছে। 

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি-পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের নেতিবাচক ধারণা প্রচলিত রয়েছে। বিশেষ করে ঢাকার পোস্টিংকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। পাবলিক পারসেপশনে যেসব এলাকাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব স্টেশনের সিন্ডিকেট ভাঙতেই আমরা লটারি পদ্ধতির উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে কোনো বৈষম্য ছাড়াই স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি জানান, বর্তমানে সারা দেশে ‘এ’ ক্যাটাগরির মোট ১৩১ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন। তাদের মধ্য থেকেই স্বচ্ছ লটারি পদ্ধতির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ঢাকা জেলার ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য ১৮ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে।

মন্ত্রী বলেন, লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের কাজের দক্ষতা, মানসিক চাপ সামলানোর সক্ষমতা এবং সংশ্লিষ্ট স্টেশনের সার্বিক প্রয়োজন বিবেচনা করে চূড়ান্ত পদায়ন দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে পদায়নের আদেশ জারি করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচিত কর্মকর্তারা পদায়ন পাওয়ার পর সার্ভিস রুল অনুযায়ী সততার সঙ্গে দায়িত্ব পালন করা পর্যন্ত বহাল থাকবেন। তবে, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, শুধু ঢাকায় নয়, পর্যায়ক্রমে যেসব জায়গাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয় এবং যেখানে দুর্নীতির শিকড় গজানোর অভিযোগ রয়েছে, সেসব জায়গাতেও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হবে।

মো. আসাদুজ্জামান জানান, দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন এবং ১৩৯টি পদ শূন্য রয়েছে। শূন্য পদে দ্রুত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। 

এছাড়া, পদায়নকৃতদের সার্বিক কার্যক্রম ২৪ ঘণ্টা তদারকিতে (মনিটরিং) রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

লটারি কার্যক্রম অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536