নির্বাচনি প্রচারণায় আজ খুলনায় যাবেন তারেক রহমান

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

Radio Today News

নির্বাচনি প্রচারণায় আজ খুলনায় যাবেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নির্বাচনি প্রচারণায় আজ খুলনায় যাবেন তারেক রহমান

জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রায় বাইশ বছর পর আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দলীয় নেতাকর্মীদের মাঝে। প্রস্তুত হচ্ছে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও আগ্রহ সৃষ্টি হয়েছে এই সমাবেশ ঘিরে।

খুলনা বিভাগে দুটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। খুলনা ও যশোরের জনসভাকে জনসমুদ্রের রূপ দিতে এরইমধ্যে দক্ষিণাঞ্চলের সব জেলার নেতাকর্মী মাঠে নেমে পড়েছেন। দুটি জনসভা সফল করতে বিভাগীয় সাংগঠনিক কমিটি তদারকি করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, সফরসূচি অনুযায়ী- আগামীকাল সোমবার সকাল ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনা রওনা হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে হাজি মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন।

এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপ-শহর বিরামপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল-সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

প্রায় ৮ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ মোট ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ শুরু হবে। তিনি বলেন, জেলা ও মহানগর মিলিয়ে প্রায় ৭ থেকে ৮ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট আলীয়া মাদ্রাসা থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন। 

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করার পর উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি থেকে। তিন দিনের এই সফরে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনী সমাবেশ শেষে গতকাল শনিবার ঢাকায় ফেরেন।

২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৯টি সমাবেশ করেছেন তারেক রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের