বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছি, আমি সেই জেনারেশনের মানুষ। যখন ১৯৭১ সালে যুদ্ধ হয়, তখন আমি মাস্টার্স শেষ করেছি। আমি কিন্তু সেই যুদ্ধটাকে ভুলতে পারি না, একইসঙ্গে চব্বিশের জুলাই অভ্যুত্থানকেও ভুলতে পারি না। এই দুটোকে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমি অনুরোধ করবো, আসুন আমরা আমাদের এ বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলি।
গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটে ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা কিন্তু রাজনীতি করে সম্পদ করিনি, রাজনীতি করে আমাদের নতুন বাড়িঘর তৈরি করিনি। উল্টো রাজনীতি করে সম্পদ খুইয়েছি, বাবার সব সম্পদ বিক্রি করে দিয়েছি। সুতরাং আমানত খেয়ানত করার কোনো ভয় নেই— এটা আপনারা নিশ্চিন্ত থাকেন। আমরা সেভাবেই কাজ করবো যেন জনগণের কল্যাণের জন্য কাজ করে যেতে পারি।’
তিনি বলেন, ‘আমাদের চেয়ারম্যান তারেক রহমানের খুব ইনোভেটিভ আইডিয়া আছে, তারও সৃজনশীল মন আছে; অনেক কিছু নতুন করতে চান, যে কাজগুলোতে আমরা তাকে সহযোগিতা করতে পারি। আপনারা যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।’
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী ও কর্মচারীদের কাছে ‘ধানের শীষে’ ভোট চান। এ সভায় ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী নেতা, কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

