বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে ধারাবাহিক জনসভায় বক্তব্য দেবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এসব জনসভা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টা ৩০ মিনিটে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পরে বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে, ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
বিএনপির নেতারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলটির চেয়ারম্যান। রোববার ও সোমবার এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, জনসভাগুলোর মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান।
রেডিওটুডে নিউজ/আনাম

