রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদলের এক নেতার ওপর হামলা চালিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গোরস্তান এলাকায় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহত বিরাজ আলী (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মৃত আমীর মোল্লার ছেলে। তিনি নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদের সক্রিয় কর্মী।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরাজ আলী মাঠে গরুর ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। মাঠ থেকে রামচন্দ্রপুর গোরস্তান এলাকার কালুহাটি-আড়ানী সড়কে ওঠার সময় হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
বিরাজের বড় ভাই আব্দুল মজিদ বলেন, “ঘাস কেটে ফেরার পথে এক ব্যক্তি এসে তাকে কুপিয়েছে। স্থানীয়রা ধাওয়া করলেও হামলাকারীকে আটক করা যায়নি। মোটরসাইকেলের নম্বরপ্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল।” তিনি আরও জানান, স্থানীয়ভাবে বা রাজনৈতিকভাবে বিরাজের সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল বলে তাদের জানা নেই।
চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন বলেন, “বিরাজ কৃষকদলের নেতা। স্থানীয় বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার দ্বন্দ্বের কথা শোনা যায়নি। তবে হামলাকারী একই গ্রামের বাসিন্দা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি রাজনৈতিক সহিংসতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

