সরকারের ব্যর্থতায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামীকাল শনিবারের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ১১ দল লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে।
সৌদি আরবে কিং আজিজ কোরান প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের সংবর্ধনায় শেষে এসব কথা বলেছেন জামায়াত আমির। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এই সংবর্ধনা দেওয়া হয়।
কওমি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, কওমি শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থে সরকারকে আরও কার্যকর ও আন্তরিক উদ্যোগ নিতে হবে।
তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরানের হাফেজদের এ অর্জন যেন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
গ্যাস নিয়ে উদ্বেগ জানালেন বিকেএমইএ নেতারা
গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাত করেন। উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া।
ব্যবসায়ীরা শিল্প খাতে চলমান বিদ্যুত, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। শফিকুর রহমান সমস্যাগুলো তুলে ধরা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন।
মালয় দূতের সাক্ষাৎ
আজ বৃহস্পতিবার সংসদ ভবন কার্যালয়ে বিরোধীদলের নেতার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা ওসমান। জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা ও রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

