বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের একটি আকর্ষণীয় লড়াই নিশ্চিত হয়ে গেছে। রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার শক্তিশালী দল জাপান।
গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করে শেষ ষোলো নয়, নতুন ৪৮ দলের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে গ্রুপ ‘এফ’-এ রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে জাপান।
গ্রুপ পর্বে ব্রাজিল ধীরে শুরু করলেও পরে ছন্দে ফিরে আসে। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতিকে ৩-০ এবং স্কটল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখছে সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্ম দলটির বড় শক্তি হয়ে উঠেছে।
অন্যদিকে জাপানও পুরো টুর্নামেন্টে শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দিয়েছে। নেদারল্যান্ডসের সঙ্গে ড্র, তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় এবং সুইডেনের সঙ্গে সমতা—এই ফলেই নকআউটে জায়গা নিশ্চিত করেছে তারা। দ্রুতগতির আক্রমণ ও সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে ব্রাজিল-জাপান ম্যাচ। জয়ী দল জায়গা করে নেবে রাউন্ড অব ১৬-এ।
রেডিওটুডে নিউজ/আনাম

