মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম

রোববার,

০৯ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

রোববার,

০৯ আগস্ট ২০২৬,

২৫ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৪, ৯ আগস্ট ২০২৬

Google News
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা দেশটিতে কর্মরত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। বর্তমান নিয়ম অনুযায়ী, এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পেয়ে থাকেন। তবে প্রস্তাবিত নতুন নীতি কার্যকর হলে এই বিশেষ সুবিধা বাতিল হয়ে যেতে পারে।

রোববার (৯ আগস্ট) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চাকরিচ্যুত কর্মীদের জন্য বহাল থাকা ৬০ দিনের এই গ্রেস পিরিয়ড বা ছাড়ের সময়সীমা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন প্রশাসন। এই সংক্রান্ত একটি প্রস্তাব বর্তমানে হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ (ওএমবি)-এর পর্যালোচনার অধীন রয়েছে। প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকায় এর বিস্তারিত রূপরেখা পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, নতুন এই নিয়ম পাস হলে চাকরি হারানোর পর কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের প্রায় সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

এই সম্ভাব্য পরিবর্তন যুক্তরাষ্ট্রে কর্মরত এশীয়, বিশেষ করে ভারতীয় প্রবাসীদের ওপর সবচেয়ে বড় ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে। মার্কিন তথ্যপ্রযুক্তি খাতে এইচ-১বি ভিসার আওতায় সবচেয়ে বড় সুবিধাভোগী হলেন ভারতীয় নাগরিকরা। ‘ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস’ (ইউএসসিআইএস)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অনুমোদিত মোট এইচ-১বি ভিসার ৭১ শতাংশই পেয়েছেন ভারতে জন্ম নেওয়া দক্ষ কর্মীরা। বর্তমানে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের একটি বড় অংশ এই সিদ্ধান্তের কারণে সরাসরি প্রভাবিত হতে পারেন।

কী এই ৬০ দিনের নিয়ম?

যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের সুরক্ষায় ২০১৭ সালে এই নিয়মটি চালু করা হয়েছিল। এর আওতায় কোনো কর্মী আকস্মিক চাকরি হারালে নতুন কোনো সংস্থায় যুক্ত হওয়ার জন্য অথবা নিজের ভিসার স্ট্যাটাস পরিবর্তনের জন্য একটানা সর্বোচ্চ ৬০ দিন কিংবা তাঁর অনুমোদিত ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত (যেটি আগে আসবে) মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের আইনগত বৈধতা পেতেন।

তথ্যপ্রযুক্তি ও করপোরেট খাতে অত্যন্ত জনপ্রিয় এই নিয়মটি কেবল এইচ-১বি নয়, বরং ই-১, ই-২, ই-৩, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএন ক্যাটাগরির কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। প্রস্তাবিত নীতিটি চূড়ান্ত রূপ নিলে অভিবাসী কর্মীদের এই দীর্ঘদিনের আইনি সুরক্ষা কবচটি পুরোপুরি উঠে যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের