লবণ চাষীদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। চলতি অর্থবছরে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়া আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে সময় লাগবে। তবে এসব বিষয় নিয়ে কিছু মানুষ বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, যারা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তকারীরা যাতে কোনো সুযোগ না পায়, সেদিকেও নজর রাখতে হবে।
দেশে ঝগড়া-ফ্যাসাদ চলবে, নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে—এ বিষয়ে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পেছনে পড়ে থাকার সুযোগ নেই। এখন সময় জনগণের ভাগ্যের পরিবর্তন করার। দেশের মানুষ বিভ্রান্ত না হয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে—এটাই প্রত্যাশা।
রেডিওটুডে নিউজ/আনাম

