পবিত্র মাহে রমজান মাস শুরু হওয়ার পর থেকে সুনামগঞ্জে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লেবু, শসা ও কাঁচামরিচের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে।
এমন পরিস্থিতিতে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাজার মনিটরিংয়ে নামে জেলা প্রশাসন।
এদিন বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জের একটি লেবুর দোকানে গিয়ে দাম জানতে চান।
সরেজমিনে দেখা যায়, তিনি লেবুর দাম জিজ্ঞেস করতেই বিক্রেতা হালিপ্রতি ১২০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা বলেন। এ সময় সেখানে উপস্থিত ক্রেতারা তাৎক্ষণিকভাবে হুমড়ি খেয়ে লেবু কিনতে শুরু করেন।
পরবর্তীকালে জেলা প্রশাসক শহরের সবজির বাজার, মাছের বাজার ও মাংসের বাজার ঘুরে দেখেন।
বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের বাজারে তদারকি করা হয়েছে। বর্তমানে সবজির, মাছের ও মাংসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
তিনি আরও বলেন, তবে কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

