দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনটির অন্য বগি ব্যবহার করে যাত্রা অব্যাহত রয়েছে এবং স্টেশনের ২ নম্বর লাইনে অন্যান্য ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে।
সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানিয়েছেন, পঞ্চগড় থেকে সান্তাহারগামী ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ চলমান রয়েছে। যাত্রীদের সেবার কথা বিবেচনা করে লাইনচ্যুত বগিটি রেখে অন্যান্য বগি নিয়ে ট্রেনটি সান্তাহারগামী যাত্রা অব্যাহত করবে।
দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, দোলনচাঁপা এক্সপ্রেসের এই ঘটনা সত্ত্বেও ২ নম্বর লাইনে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেন সকালেই নির্ধারিত সময় অনুযায়ী ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর অতিক্রম করে ঢাকা অভিমুখে ছেড়ে গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

