নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শয়ন কক্ষে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে একলাশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড একলাশপুর গ্রামের মা-মনি নিবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তাররা বাসায় মদ রেখে বিভিন্ন স্থানে ডেলিভারি দিতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড একলাশপুর গ্রামের মা-মনি নিবাসের মো. নুরুল আমিনের ছেলে মো. মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২) ও আলীপুর গ্রামের নারায়ন চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষ (৩২)।
জানা গেছে, একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩ মাদককারবারীকে হাতেনাতে ধরে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

