বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানী সানজিদা বেগম। ওই নানীর বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে কচুয়া থানার এসআই মো: মহমুদ হাসান জানান, প্রতিবেশী কয়েকজন নারী প্রথমে বাড়ির বারান্দায় বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আহাদ হাওলাদার ও মনিরা বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। প্রতিবেশীরা বাড়িতে না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি।
ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, খবর পাওয়ার সাথে সাথে সিআইডি পিবিআই ঘটনাস্থলে পৌঁছেছে । আমরা দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার পিছনে কি কারন থাকতে পারে তা খুঁজে বের করব।
রেডিওটুডে নিউজ/আনাম

