লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধরের সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়। পরে এসব অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে সেগুলো বিএসএফের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায়।
পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
পরে মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় পর ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিএসএফের কাছে ফেরত দেয় বিজিবি।
রেডিওটুডে নিউজ/আনাম

