দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করে অবমাননা করা হয়েছে।
বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরা ও সায়েন্সল্যাব ছাড়া অন্য কোথাও কর্মসূচি শুরু হওয়ার খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে সায়েন্সল্যাব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
এসময় পরীক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, এদিন রাজধানীর শাহবাগ, উত্তরা, মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্য কোথাও কোনো কর্মসূচি করার খবর পাওয়া যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

