ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।
সোমবার (১৪ জুলাই) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এ তথ্য জানান।
তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২০ হাজার ২৩১ জন অবস্থান করছেন। তবে এখনও ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।
হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, ফলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
রেডিওটুডে নিউজ/আনাম

