যুদ্ধের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

২৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

২৯ আষাঢ় ১৪৩৩

Radio Today News

যুদ্ধের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ১৩ জুলাই ২০২৬

Google News
যুদ্ধের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি আবারও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে, যা নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক তেলের বাজারকে অস্থির করে তোলে।

বিশ্বে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা চাপে পড়ে এবং তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রত্যাহার করে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ায় দাম আরও দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই (ডব্লউটিআই) ক্রুডের দাম ৪ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে যুদ্ধ শুরুর পর তেলের দাম ধারাবাহিকভাবে বেড়ে গত মার্চে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছিল। পরে যুদ্ধবিরতির পর তা দ্রুত কমে প্রায় ৭০ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আরও বিস্তৃত হলে কিংবা দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের