ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মিশেলে চীনে উদযাপিত হচ্ছে এবারের বসন্ত উৎসব বা চীনা নববর্ষ। ২০২৬ সালের 'ঘোড়ার বছর' বরণ করে নিতে চীনের প্রতিটি প্রান্তে লেগেছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। বরফে ঢাকা পাহাড়ের চূড়া থেকে শুরু করে ব্যস্ত শপিং মল—সবখানেই এখন রাজত্ব করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স।
মধ্য চীনের হ্যনান প্রদেশের লাওচুন পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২০০ মিটার উঁচুতে তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। প্রতিকূল আবহাওয়া ও তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার ড্রোন আকাশে ফুটিয়ে তুলছে ঘোড়ার অবয়বসহ নানা উৎসবমুখর দৃশ্য। বিশেষ উইন্ড-রেজিস্ট্যান্ট অ্যালগরিদম ব্যবহার করায় তীব্র বাতাসেও ড্রোনগুলো নিখুঁতভাবে তাদের পারফরম্যান্স প্রদর্শন করছে।
অন্যদিকে চিয়াংসু প্রদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডাইনোসর লণ্ঠনগুলো এখন পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলছে। অন্যদিকে, ঐতিহ্যবাহী উচেন শহরে চালু হয়েছে বিশেষ 'এআই লাইট শো'। এখানে পর্যটকদের শরীরের নড়াচড়া রিয়েল-টাইমে বড় পর্দায় ফিউচারিস্টিক প্যাটার্নে রূপান্তরিত হচ্ছে।
উৎসবে রোবট ভাড়ার চাহিদা এতই বেড়েছে যে অনেক জায়গায় ঘাটতি দেখা দিয়েছে। শাংহাইয়ের বড় শপিং মলগুলোতে স্মার্ট নেভিগেশন ও ভয়েস ইন্টারঅ্যাকশন সমৃদ্ধ রোবটগুলো গ্রাহকদের কেনাকাটায় সাহায্য করছে। রেস্তোরাঁ ও সুপারমার্কেটগুলোতেও রোবটের ছিল সরব উপস্থিতি।
রেডিওটুডে নিউজ/আনাম

