চীনের জাতীয় দিবসে বর্ণিল সাজে সেজেছিল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। ভিক্টোরিয়া হারবারের দুই তীরে হাজারো মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাতের আকাশে ২৩ মিনিটের মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীতে উদযাপিত হয় গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আট পর্বের এই বিশেষ আতশবাজি প্রদর্শনীতে একের পর এক রঙের বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে হংকংয়ের রাতের আকাশ। সবুজ ও নীল আলোয় ফুটে ওঠে দেশের পাহাড়-নদীর সৌন্দর্য। আর সোনালি বৃত্তের আকৃতি যেন মহাকাশের কক্ষপথ ও মহাবিশ্বের বিস্ময়কে তুলে ধরে।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, হংকংয়ের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা ঘোষণার পর এটাই প্রথম জাতীয় দিবস উদযাপন। এই পরিকল্পনা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় হংকংয়ের নিজস্ব সুবিধা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নের সুযোগ গ্রহণের জন্য কৌশলগত পথ নকশা তৈরি করেছে।
এদিকে, মহাকাশ থেকেও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান হংকংয়ের প্রথম নারী নভোচারী লাই খা-ইং। জাতীয় দিবস ঘিরে হংকংয়ের বিভিন্ন জেলাতেও ছিল নানা আয়োজন। কোথাও কনসার্ট, কোথাও ঐতিহ্যবাহী ছেংসাম পোশাকের প্রদর্শনী, আবার কোথাও বসে খাবারের মেলা।
রেডিওটুডে নিউজ/আনাম

