সৌদি আরবে নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক উৎস থেকে ফতোয়া প্রদান নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে জ্যেষ্ঠ আলেমদের সমন্বয়ে নতুন ফতোয়া বোর্ড গঠন করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মসজিদুল হারামের (কাবা শরিফ) প্রখ্যাত ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালিলাহকে মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশজুড়ে মধ্যপন্থী, যাচাইকৃত এবং নির্ভরযোগ্য ইসলামি মূলনীতির আলোকে ধর্মীয় দিকনির্দেশনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বান্দার বালিলাহকে ‘জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতা’-এর মক্কা শাখায় দায়িত্ব প্রদান করা হয়। নতুন দায়িত্বে তিনি মক্কা অঞ্চলে ধর্মীয় বিষয়ে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ফতোয়া প্রদান করবেন।
এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি শায়খ বান্দার বালিলাহকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতা মক্কা অঞ্চলের ধর্মীয় গবেষণাকে সমৃদ্ধ করবে। বিশেষ করে দুই পবিত্র মসজিদে আগত দেশি-বিদেশি মুসল্লি এবং হজ ও ওমরাহ পালনকারীদের জন্য প্রাতিষ্ঠানিক ফতোয়া প্রাপ্তি এখন আরও সহজলভ্য হবে।
আঞ্চলিক ভিত্তিতে দায়িত্ব বণ্টনের লক্ষ্যে শায়খ বালিলাহ ছাড়াও আরও সাতজন জ্যেষ্ঠ আলেমকে বিভিন্ন প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতা সূত্রে জানা গেছে, নিযুক্ত অন্য আলেমরা হলেন-
শায়খ ড. মোহাম্মদ বিন মোহাম্মদ আল-মুখতার: মদিনা মুনাওয়ারা।
শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ: আল-জাওফ ও নর্দার্ন বর্ডারস।
শায়খ ড. জিবরিল বিন মোহাম্মদ আল-বুসাইয়লি: আসির ও জিজান।
শায়খ ড. গালিব বিন মোহাম্মদ হামজি: আল-বাহা ও নাজরান।
শায়খ ড. সামি বিন মোহাম্মদ আল-সুঘাইর: কাসিম ও হাইল।
শায়খ ড. আবদুলিলাহ বিন মোহাম্মদ আল-মুল্লা: ইস্টার্ন প্রভিন্স।
শায়খ ড. আবদুল্লাহ বিন আল-জুবায়রি: তাবুক অঞ্চল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়োগের ফলে সৌদি নাগরিক ও প্রবাসীরা নিজ নিজ এলাকায় দ্রুত ও নির্ভরযোগ্য ধর্মীয় সেবা পাবেন। একই সঙ্গে অপ্রাতিষ্ঠানিক ও বিভ্রান্তিকর ফতোয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। এটি সৌদি আরবের ধর্মীয় শৃঙ্খলা ও সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

