যশোর-২ আসনের চৌগাছা উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে নারী কর্মীরা হামলার শিকার হওয়ার অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নারী নেতা-কর্মীরা।
বুধবার বিকেল সাড়ে ৩টায় চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা জামায়াতের কুষ্টিয়া–যশোর অঞ্চল পরিচালিকা ফিরোজা ইসলাম রিমা, প্রার্থীর স্ত্রী নাসরিন ফরিদ, জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি সেলিনা খাতুন এবং জেলা কর্মপরিষদ সদস্য শাহানা আক্তার।
সমাবেশে অভিযোগ করা হয়, গত ২ ও ৩ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার মুক্তারপুর ও মাঠচাকলা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, বিএনপির কর্মীরা এ হামলা চালিয়েছেন।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রেডিওটুডে নিউজ/আনাম

