জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে দলটির বিষয়ে জনগণের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এরা শুধু রূপের পরিবর্তন করে না, তারা জনগণকে অপমানও করে। পরিস্থিতি বুঝে তারা রূপের পরিবর্তন করে বলে দাবি করেন তিনি। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
দেশব্যাপী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এ ষড়যন্ত্র কারা করছে? যারা ষড়যন্ত্র করছে তাদের জনগণ একটি নামে ডেকে থাকে, জনগণের পক্ষ থেকে তাদের একটি নাম দেয়া হয়েছে গুপ্ত। কারণ সময় হয় এদিক তখন এক রূপ, সময় হয় অন্যদিক তখন অন্য রূপ। বিভিন্ন পরিস্থিতিতে তারা রূপের পরিবর্তন করে। এরা শুধু রূপের পরিবর্তন করে না, তারা দেখেন জনগণকে কীভাবে অপমান করে।’
নির্বাচনি প্রচারণায় ফরিদপুরবাসীর উন্নয়নের প্রস্তাবনা তুলে ধরে তিনি বলেন, ‘ফরিদপুর জেলার নেতারা দুটি দাবির কথা বলেছে। ফরিদপুর শহরে সিটি করপোরেশন করা ও ফরিদপুরকে বিভাগ করা। আজ নির্বাচনি জনসভায় আপনাদের এতোটুকু বলতে চাই বিএনপি সরকার গঠন করলে, আগামীতে বিভাগ গঠন করলে যদি মানুষের উপকার হয় তাহলে ইনশাল্লাহ বিএনপি জনগণের এই দাবি পূরণ করবে।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘১৭ বছর আমি দেশে ছিলাম না। দূর থেকে শুনেছি এলাকায় অনেক উন্নতি হয়েছে। যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে প্রার্থীরা কেন এতো সমস্যার কথা বললো?’
ফরিদপুর জেলাবাসীর উদ্দেশে তিনি বলেন, এ এলাকার অন্যতম সমস্যা হলো নদী ভাঙন। আমরা নদী ভাঙন প্রতিরোধে পরিকল্পনা নিয়েছি। বৃহত্তর ফরিদপুর এলাকা কৃষিপ্রধান এলাকা, পাট শিল্প আছে এখানে। পাট শিল্পকে সহযোগিতা করলে লাখ লাখ কৃষক উপকৃত হবেন। এখানকার চর অঞ্চলে প্রচুর ভুট্টা চাষ হয়। ভুট্টা চাষিদের পাশে দাঁড়াতে চাই। শুষ্ক মৌসুমে চাষাবাদ ও পানির সমস্যা দূরীকরণে এ অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় বিএনপি।
যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘এ এলাকার বহু যুবক শিক্ষার আলোয় আলোকিত। তবে তাদের কর্মসংস্থান নেই। আমরা পরিকল্পনা নিয়েছি বাংলাদেশের প্রতিটি এলাকা, জেলায় বিভিন্ন বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য পর্যালোচনা করে কী কী কলকারখানা তৈরি করা যায়, সেই অনুযায়ী কাজ করা হবে।’
একটি দলের বিষয়ে তারেক রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্ত দল। যার শীর্ষ নেতা সম্প্রতি দেশের মা বোনদের নিয়ে বাজে মন্তব্য করেছে। যারা এসব করে তাদের থেকে দেশের মানুষ ভালো কিছু প্রত্যাশা করতে পারে না। দুইদিন আগে গুপ্তের দলের দলীয় প্রধান নেতা অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে।’
রেডিওটুডে নিউজ/আনাম

