বিএনপি সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ এবং শহরকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি এই এলাকার কৃষির উন্নয়নে ১২ মাস ফসল ফলাতে ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের কথা আবারও জানান তিনি। প্রতিশ্রুতি দেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে তার নেতৃত্বে জনগণের পাশে থাকবেন বিএনপির প্রার্থীরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরে নিজের প্রথম জনসভা দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণের চাহিদা অনুযায়ী ফরিদপুরকে বিভাগ ও শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে।
এলাকার কৃষির ওপর জোর দিয়ে দলের চেয়ারম্যান বলেন, বারো মাস ফসল ফলাতে বিএনপি নির্মাণ করতে চায় ‘পদ্মা ব্যারেজ’। ফরিদপুর এলাকার নদী ভাঙন রোধ করতে হবে। পাট শিল্পকে রক্ষা করতে হবে।
প্রতিশ্রুতি দেন, ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করলে সব প্রার্থী ১৩ তারিখ থেকেই জনগণের জন্য কাজ করবে। আর তাদের পেছনে থাকবেন তিনি নিজেই।
সব ষড়যন্ত্র রুখতে হলে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহবান জানান জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান।
তারেক রহমান, জনগণের ভোটের অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, জনগণ তাদের গুপ্ত বলে চেনে।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, সব ক্ষমতার উৎস জনগণ। দেশের প্রকৃত মালিকও জনগণ।
রেডিওটুডে নিউজ/আনাম

