‘আপনারা সরকার দখলে নিন’, ইরানিদের প্রতি ট্রাম্পের আহবান

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

‘আপনারা সরকার দখলে নিন’, ইরানিদের প্রতি ট্রাম্পের আহবান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
‘আপনারা সরকার দখলে নিন’, ইরানিদের প্রতি ট্রাম্পের আহবান

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহরে শনিবার সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এই সামরিক অভিযানকে ‘ব্যাপক এবং চলমান’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের সাধারণ মানুষকে তাদের ‘সরকার দখল করার’ আহবান জানিয়ে দেশটিতে শাসনব্যবস্থা পরিবর্তনের প্রকাশ্য ইঙ্গিত দিয়েছেন। খবর সিএনএনের।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলা আরও কয়েক দিন ধরে চালানোর পরিকল্পনা রয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের।

হামলা শুরুর পর দেওয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সরকার দখল করে নিন। তিনি অভিযোগ করেন, গত গ্রীষ্মে বড়ো ধরনের মার্কিন হামলার পরও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণের কাজ চালিয়ে গেছে। ট্রাম্প দাবি করেন, আগের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে বলে তিনি মনে করেছিলেন, কিন্তু তেহরান তা আবারও সচল করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এই যৌথ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’।

বর্তমান এই সামরিক অভিযানে আমেরিকানদের প্রাণহানির আশঙ্কা থাকলেও ট্রাম্প একে ‘অপরিহার্য’ হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের বরাতে সিএনএন জানিয়েছে, হামলা শুরুর পর থেকে ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে দেশটিতে সাধারণ সময়ের তুলনায় মাত্র চার শতাংশ ইন্টারনেট সচল রয়েছে।

অপরদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, কাতারের উপর দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।  প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ইতিমধ্যে ইসরাইলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহবান জানিয়েছে। 

আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা। 

এদিকে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে এই আকস্মিক হামলার পর কঠোর অবস্থান নিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি এই হামলার ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

এখন পর্যন্ত তেহরান ছাড়াও আরও কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের