তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে যাওয়ার ঘটনায় তুরস্কের আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ হাসান হাবিবুল্লাহহাজাদেহকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
এর আগে তুর্কি কর্তৃপক্ষ জানায়, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট লক্ষ্যবস্তু তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে ডর্টিওল জেলার ওপর দিয়ে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রটি পরে নিচে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে।
তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই। তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়।
সূত্র: আল-জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

