অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এ ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যারো বলেন, ফিলিস্তিনের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করবে ফ্রান্স। একই ধরনের উদ্যোগ নেওয়া আরো ১১টি দেশের সঙ্গেও তারা এ বিষয়ে কাজ করবে।
ব্যারো বলেন, পশ্চিম তীর ‘বিস্ফোরণের কাছাকাছি’ অবস্থায় রয়েছে। সেখানে বসতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে।
এ ধরনের কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষও উদ্বেগ প্রকাশ করেছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, সাম্প্রতিক পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তার মধ্যে ফ্রান্সের এ পদক্ষেপ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে বাড়তি আন্তর্জাতিক চাপ তৈরি করবে।
প্রসঙ্গত, গত বছর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে একটি উচ্চপর্যায়ের সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
ফ্রান্সের পররাষ্ট্রনীতিতে এ পদক্ষেপকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

