চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত থেকে অর্ধ কোটি টাকার ডিএনএ পরীক্ষার কিট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার একটি ভুট্টা খেতে পরিত্যক্ত অবস্থায় এসব কিট পাওয়া যায়। এগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয় বলে ধারণা বিজিবির।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে রাজাপুর গ্রামের শুকুর আলীর ভুট্টা খেতে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে চালানো অভিযানে ২২০ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়েছে। সেগুলোর আনুমানিক দাম ৫১ লাখ ৭০ হাজার টাকা। অভিযানে চোরাচালানে জড়িত কাউকে আটক করা যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

