রাজধানী এলিফ্যান্ট রোডে শপিংব্যাগের ভেতর থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে বস্তুগুলো দেখে পুলিশকে খবর দিলে রাত পৌনে ১১টার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো উদ্ধার করে। তবে রাত ১টা পর্যন্ত বস্তুগুলো নিস্ক্রিয় করা সম্ভব হয়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।
ওসি বলেন, লাল টেপে মোড়ানো চারটি বস্তু ছিল। রাত পৌনে ১১টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিয়ে গেছেন। তারা পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। তবে এখনো আমাদের আপডেট কিছু হয়নি।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে বাটা সিগনাল ক্রসিং থেকে নিউমার্কেটের দিকে যাওয়া সড়কের পাশে একটি শপিংব্যাগ পড়ে থাকতে দেখে পথচারীরা। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেন তারা।
ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয় এবং আশেপাশের লোকজনকে সরিয়ে ঘটনাস্থলের চারপাশ আটকে দেয় পুলিশ। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে কাজ শুরু করে।
তবে বস্তুগুলো ককটেল নাকি অন্যকিছু সে বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের পক্ষ থেকে কোনো কিছু জানা যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

