ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে যাওয়া কিশোরীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তে তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
গতকাল বুধবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে দুই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ রেখে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক জাকিয়া তাসনিম আজ বিকালে কিশোরীর ময়নাতদন্ত সম্পন্ন করেন। তিনি বলেন, কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছিল কিনা—জানতে চাইলে প্রভাষক জাকিয়া তাসনিম জানান, ডিএনএর নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শাহবাগ থানার এসআই মাহফুজা আক্তার বলেন, মেয়েটির মাথায়, গলার ডান পাশে সামনে-পেছনে ও থুতনিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটি মৃত্যুর আগে শারীরিক নির্যাতন বা ধর্ষণের শিকার হয়েছিল কিনা, তা ফরেনসিক বিভাগের কাছে জানতে চাওয়া হয়েছে।
তিনি আরো জানান, লাশ ফেলে পালিয়ে যাওয়ার দৃশ্যটি খতিয়ে দেখতে হাসপাতালের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে শাহবাগ থানা পুলিশ। লাশ ফেলে পালানোদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম

