প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন সাংবাদিকদের বলেন, অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকরী আলোচনা হয়েছে। আমেরিকার বেসরকারি খাতের সহযোগিতায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্য নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত বিস্তারিত ও ইতিবাচক আলোচনা হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ৫০ জন ব্যবসায়ী ও নির্বাহী কর্মকর্তা অংশ নেন।
মাহ্দী আমিন বলেন, আলোচনায় বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের সুদীর্ঘ বাণিজ্য সম্পর্ককে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন নীতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রেও মার্কিন ব্যবসায়ীদের আগ্রহ প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, আমেরিকার শীর্ষ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এই সফরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফল বৈঠকের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হচ্ছে, সেদিকে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তারা বিশ্বাস করেন।
মাহ্দী আমিন জানান, প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠান ছিল ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অব কমার্স, এক্সিলারেট এনার্জি, শেভরন, মেটা, ভিসা, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল, মেটলাইফ, বোয়িং, উবার, এশিয়া গ্রুপ, এপিআর এনার্জি, ভেনভা, ভিএফ কর্পোরেশন, কোর্তেভা এগ্রিসায়েন্স, সেলসফোর্স, উলকা সেমি, পাঠাও, সিসকো, অ্যাবট, মেট্রোট্যাক, এইচএসবিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অ্যানকোরলেস ও ড্রিঙ্কওয়েল।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং অতুল কেশপ।
মার্কিন প্রতিনিধি দলের নেতা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ বলেন, বাংলাদেশ সফরকালে তাদের অত্যন্ত ফলপ্রসূ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগকারী অংশীদার হতে পেরে মার্কিন কোম্পানিগুলো অত্যন্ত গর্বিত। তারা সর্বোচ্চ মানের প্রশাসনিক দক্ষতা, ব্যবসায়িক নৈতিকতা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে কাজ করেন। বাংলাদেশ সরকারের সঙ্গে সফল দ্বিপক্ষীয় বৈঠকগুলো সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত।
অতুল কেশপ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর দূরদর্শী রূপকল্প তারা মনোযোগ দিয়ে শুনেছেন। এতে দেশের অসাধারণ মানবসম্পদ ও জনগণের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রতিশ্রুতি রয়েছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার যে ভিশন প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তা অর্জনে তারা সম্পূর্ণ আস্থাশীল।
তিনি বলেন, প্রযুক্তি, বৈশ্বিক অভিজ্ঞতা ও পর্যাপ্ত মূলধন নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের মানুষের কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করতে বেসরকারি খাত একটি শক্তিশালী অনুঘটক হিসেবে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বেশ কিছু আমেরিকান কোম্পানি বহু দশক ধরে এ দেশের মানুষের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তি তৈরি করেছে, যা কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রেখে চলেছে। এই সম্পর্ক ভবিষ্যতেও ধরে রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
অতুল কেশপ আরও বলেন, ইউএস চেম্বার অব কমার্সের প্রতিনিধি হিসেবে তারা সামাজিক উন্নয়ন, জনকল্যাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর ভারসাম্য রক্ষার বিষয়ে বর্তমান সরকারের সুনির্দিষ্ট ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ করেছেন। এটি তাদের অনুপ্রাণিত করেছে। এই ইতিবাচক বার্তা তারা নিজ নিজ প্রতিষ্ঠান এবং ইউএস চেম্বার অব কমার্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহলে পৌঁছে দেবেন।
প্রতিনিধিদলে মাস্টারকার্ডের গ্লোবাল পাবলিক পলিসি ও ইন্দো-প্যাসিফিক পলিসি অপারেশন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবি অরোরা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মেটার দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি পরিচালক চা ইউয়েন টিং, মেটা বাংলাদেশের হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ার, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়াবিষয়ক নির্বাহী পরিচালক কেভিন রোপকে, বাংলাদেশ কান্ট্রি টিম লিড খবিবুর রহমান, ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আনন্দ বিজয় ঝা এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ছিলেন।
বৈঠকে বক্তব্য দেন বোয়িংয়ের দক্ষিণ এশিয়া ও ভারতের প্রেসিডেন্ট এবং বোয়িং গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট সলিল গুপ্তে, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসিডেন্ট শু শিয়ং, মেটলাইফের বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও ভিয়েতনাম অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এলেনা বুতারোভা, উবারের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান পিয়া ব্রুনার এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক সিদ্ধান্ত মেহরা।
এ ছাড়া ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর প্যাট্রিক পিটস, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক উদয়া অরুণ, পরিচালক দেবী চ্যাটার্জি এবং ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র সিকিউরিটি কনসালটেন্ট শেমেই লেভি প্রতিনিধিদলে ছিলেন।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

