শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২২, ৩১ আগস্ট ২০২৬

Google News
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, তাহসিন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার অদূরে জাগরণী সংঘ ক্লাব এলাকায় একটি কালো নোয়াহ গাড়িতে এসে সন্ত্রাসীরা এমইএস কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী তাহসিনকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় ২২ অক্টোবর রাতে নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। মামলায় সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, ইট ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে তাহসিনকে হত্যা করা হয়।

গত ২৫ আগস্ট এ মামলায় ডেভিড ইমনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সোমবার আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ জুন চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্ত এবং ধারাবাহিক গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, সিএমপিতে ডেভিড ইমনের নামে মোট পাঁচটি মামলা রয়েছে। আরও কয়েকটি মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।

তিনি বলেন, ‘সোমবার শুনানিতে গত বছরের ২৩ মে সংঘটিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) হত্যা মামলায়ও ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।’

এছাড়া গত ১৩ জুলাই দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে চাঁদা দাবি ও হামলার ঘটনায় করা মামলাতেও ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে বলে জানান তিনি।

এর আগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় দায়ের করা কয়েকটি মামলায় ডেভিড ইমনের কয়েক দফা রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের