ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
"রাড্ডা ক্লিনিকের ঘটনায় তদন্ত চলছে। একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই। যারা ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটি আমরা কখনোই আমলে নিবো না। তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, সেটা তদন্তাধীন।"
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় কন্টেন্ট সালমান মুক্তাদিরের কাছে বিএনপি'র লোকজন চাঁদা চেয়েছে মর্মে ওঠা অভিযোগ সম্বন্ধে মন্ত্রী বলেন, "এখানে কোনো চাঁদাবাজের ঘটনা ছিল না, সেটি তিনি নিজেই বলেছেন। তার কাছে চাঁদা চাননি, সেটি তিনি নিজেই বলেছেন। কিন্তু তার পরক্ষণেই বলছেন যে বিএনপি চাঁদাবাজ। এ জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানাই।"
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার করবে জনগণ"।
রেডিওটুডে নিউজ/আনাম

