ছাদ বা বারান্দার টবেই ফলান রসুন, জেনে নিন সহজ পদ্ধতি

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

রোববার,

২৩ আগস্ট ২০২৬,

৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ছাদ বা বারান্দার টবেই ফলান রসুন, জেনে নিন সহজ পদ্ধতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ২৩ আগস্ট ২০২৬

Google News
ছাদ বা বারান্দার টবেই ফলান রসুন, জেনে নিন সহজ পদ্ধতি

রান্নায় রসুন প্রয়োজন, কিন্তু ঘরে নেই—এমন পরিস্থিতিতে বাজারে ছুটতে হবে না। বাড়ির বারান্দা কিংবা ছাদে কয়েকটি টব থাকলেই সেখানে সহজেই রসুন চাষ করা যায়।

সঠিকভাবে পরিচর্যা করলে কয়েক মাস পর সেই টব থেকেই পাওয়া যাবে টাটকা রসুন। খবর আনন্দ বাজার
শীতকালীন এই ফসল টবে চাষের উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর। এ সময়ে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকায় রসুনের কোয়া থেকে শিকড় ও পাতা গজানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।

টব ও মাটি কেমন হবেরসুনের শিকড় খুব বেশি গভীরে যায় না।তাই ৮ থেকে ১০ ইঞ্চি গভীর এবং চওড়া টব বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যেতে পারে। তবে পাত্রের নিচে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।

মাটি হিসেবে দোআঁশ মাটি ব্যবহার করা ভালো। এর সঙ্গে গোবর সার বা ভার্মিকম্পোস্টের মতো জৈব সার মিশিয়ে নিতে হবে।
মাটি যেন ঝুরঝুরে থাকে, সে জন্য প্রয়োজন অনুযায়ী কিছু বালিও মেশানো যেতে পারে।
যেভাবে রসুনের কোয়া লাগাবেন

রোপণের জন্য বড় ও সুস্থ রসুনের কোয়া বেছে নিতে হবে। রসুনের কোয়াগুলো আলাদা করে নিতে হবে, তবে খোসা ছাড়ানো যাবে না। এরপর কোয়ার চ্যাপ্টা বা চওড়া অংশটি নিচের দিকে এবং সুচালো অংশটি ওপরে রেখে প্রায় ২ ইঞ্চি গভীরে মাটিতে পুঁতে দিতে হবে। একটি কোয়া থেকে আরেকটির দূরত্ব রাখতে হবে অন্তত ৪ থেকে ৬ ইঞ্চি।

এতে গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় জায়গা পাবে।পর্যাপ্ত রোদ, পরিমিত পানিরসুনের গাছ ভালোভাবে বেড়ে উঠতে পর্যাপ্ত আলো প্রয়োজন। তাই টব এমন জায়গায় রাখতে হবে, যেখানে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা সরাসরি রোদ পড়ে।

মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত পানি দিতে হবে। তবে টবে পানি জমে থাকা যাবে না। অতিরিক্ত পানি জমে থাকলে রসুনের কোয়া পচে যেতে পারে।

পরিচর্যায় যা খেয়াল রাখবেনগাছ কিছুটা বড় হওয়ার পর নিয়মিত মাটির অবস্থা দেখতে হবে। মাটি একেবারে শুকিয়ে গেলে পানি দিতে হবে। আবার গাছের পাতা হলুদ হতে শুরু করলে পানি দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে।

মাটির পুষ্টি ধরে রাখতে মাঝে মাঝে জৈব সার বা উপযুক্ত তরল জৈব সার ব্যবহার করা যেতে পারে। আগাছা দেখা দিলে তা পরিষ্কার করে দিতে হবে।

চার-পাঁচ মাসেই রসুন তোলার সময় রসুন লাগানোর প্রায় চার থেকে পাঁচ মাস পর ফসল তোলার উপযুক্ত সময় আসে। সাধারণত মার্চ থেকে এপ্রিলের দিকে গাছের পাতাগুলো শুকিয়ে হলুদ হতে শুরু করলে বুঝতে হবে রসুন পরিপক্ব হয়েছে।

তখন মাটি আলতো করে খুঁচিয়ে হাত বা ছোট কোদালের সাহায্যে রসুন তুলে নিতে হবে। তোলার পর রোদে ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করা যায়।

অল্প জায়গা, কয়েকটি টব আর নিয়মিত পরিচর্যা—এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারলেই বাড়ির ছাদ বা বারান্দায় সহজেই গড়ে তোলা সম্ভব ছোট্ট রসুনের বাগান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের