ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে একটি ভালো, অংশগ্রহণমূলক এবং সর্বোপরি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইভার্স ইজাবস।
নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। তার ভাষায়, সাধারণ পরিবেশ ইতিবাচক এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে।
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এবং সেই লক্ষ্যেই তারা পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

