বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন নৌকা নেই, আছে দাঁড়িপাল্লা। রাজনৈতিক দল থাকতে পারে, অসুবিধা নেই। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অনেক কথা বলছেন, কিন্তু আমার একটাই প্রশ্ন- ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধে যখন ত্রিশ লাখ মানুষ শহীদ হয়, দুই লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট হয় তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনাদের ভূমিকা কি ছিল? তখন আপনারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছেন, মা-বোনদের ক্ষতি করেছেন। আপনারা স্বাধীনতায় বিশ্বাস করেননি। সুতরাং সেই দলের হাতে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিতে পারি না। তাদের সরকার হতে দিতে পারি না। এ জন্য ভোট ধানের শীষে দিতে হবে, দেশকে বাঁচাতে হবে।
সোমবার রাতে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয় পার্লামেন্টের জন্য। এই পার্লামেন্টের কাজ হচ্ছে দেশের জন্য আইন তৈরি করা। আগামী পাঁচ বছর দেশ কীভাবে চলবে সেই সিদ্ধান্ত সেখানে হবে।
বিএনপির মহাসচিব বলেন, প্রতিনিধিদের মধ্যে যারা মেজরিটি হবে তারা সরকার গঠন করবে। কোথায় উন্নয়ন করতে হবে এই সিদ্ধান্ত নেবে সরকার। সেই সরকার যদি অনুকূলে না হয় তাহলে কাজ করতে পারব না। উন্নয়নের জন্য সরকার পক্ষের হতে হবে। বাংলাদেশে যে হাওয়া আমরা পাচ্ছি তাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কর কমিশনার আসাদুজ্জামান, আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম, আফরোজা লাকী, ইউনিয়ন বিএনপির সভাপতি দবিরুল ইসলাম, ওর্য়াড বিএনপির সভাপতি বাদলসহ নেতাকর্মীরা।
রেডিওটুডে নিউজ/আনাম

