বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানোর আহ্বান জানিয়েছে সরকার। এ বিষয়ে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান মন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর সুবিধার কথা বিবেচনা করে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে হজের ব্যয় কমবে। এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজ ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বৈঠকে উভয় পক্ষ হজ ব্যবস্থাপনা, বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

