বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাত কমানো এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষায় সরকার ১০ সদস্যের একটি কমিশন গঠন করেছে। কমিশনটি বাঘের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধভাবে দখল হওয়া বনভূমি পুনরুদ্ধার এবং বনসংলগ্ন জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।
গতকাল বুধবার রাজধানীতে ‘বিশ্ব বাঘ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন, সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। বন বিভাগের প্রচেষ্টা ও স্থানীয় জনগণের সহযোগিতায় সুন্দরবনে বাঘের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। ক্যামেরা ট্র্যাপিং জরিপ অনুযায়ী, ২০১৫ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি, ২০১৮ সালে ১১৪টি এবং সর্বশেষ ২০২৪ সালের জরিপে ১২৫টি বাঘের উপস্থিতি পাওয়া গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

