ঢাকা মহানগরের যানজট নিরসনে নির্মাণাধীন অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের (ইনার সার্কুলার রিং রোড) কাজ দ্রুত শেষ করতে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে দূর করার নির্দেশ দেন।
কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং প্রকল্প শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার তাগিদ দেন।
সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

