গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও মি. রহমানের উপদেষ্টা মাহ্দী আমিন।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে এগুলোর প্রমাণ উঠে এসেছে।
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি আরও অভিযোগ করেন, "একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।"
তার মতে, গণমানুষের কাছে বিএনপি'র ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণেই "সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল" বেছে নিয়েছে ওই রাজনৈতিক দল।
মাহদী আমিন আরও জানান, মি. রহমান আগামীকাল নির্বাচনি সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

