আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি তরুণ ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে ড. মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’
তার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে। হাজারো মানুষ পোস্টটিতে রিয়েক্ট ও মন্তব্য করেছেন। অনেকেই পোস্টটি শেয়ার ও কপি করে নিজেদের টাইমলাইনে প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ নির্বাচনে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক তরুণ প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

