তিনি আসবেন এবং আসার পর তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে তার রায় কার্যকর করা হবে- বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে এ কথা বলেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় আজ তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন কি না বা কবে আসবেন- এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, "গতকাল সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আর কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং আসার পর তাকে এয়ারপোর্ট থেকেই গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে।"
শেখ হাসিনার আত্মসমর্পণ বা দেশে আসা নিয়ে গতকাল মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, "তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাবসুলভাবেই একটা নোক্তা (কৌশল) বা ফাঁক রেখেছেন। সেটা হলো– আপিল করা যাবে কি না- সেটা আইন ব্যবস্থা নেবে।"
"আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার রায় যখন হয়েছে, আপিলের সুযোগ ছিল ৩০ দিন। সেই ৩০ দিন শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই। ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই," বলছিলেন নাহিদ ইসলাম।
রেডিওটুডে নিউজ/আনাম

