রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

রোববার,

২৯ নভেম্বর ২০২৬,

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

Radio Today News

পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫২, ২৮ নভেম্বর ২০২৬

Google News
পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নাশকতার প্রতিবাদে রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে যাবার সময় ভবনের উপর থেকে একটি ককটেল ও ইটের খোয়া নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ইটের খোয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের শরীরে আঘাত করে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কেউ হতাহত হয়নি।

মুক্তিযোদ্ধা মার্কেটের উপর থেকে এই ককটেল নিক্ষেপের ঘটনাটি বুঝতে পেরে মার্কেটটি ঘিরে ফেলে সন্দেহভাজন ৪ জন দুর্বৃত্তকে আটকে রাখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গিয়ে তাদের আটক করে নিয়ে যায়। এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা চালাচ্ছে।

এর প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করার সময় আমাদের উপর ককটেল আর খোয়া নিক্ষেপ করা হয়। আমরা তাৎক্ষণিক সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমন কর্মকাণ্ড নতুন নয়। আমার রাজপথে ছিলাম থাকব।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়েছে।

তাদের নাম পরিচয় ও সেখানে তাদের অবস্থান, এ ঘটনায় তারা জড়িত কিনা সব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের