‘সিম’ ইস্যু নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

‘সিম’ ইস্যু নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৩, ৩১ মে ২০২৬

Google News
‘সিম’ ইস্যু নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত

এখন থেকে প্রবাসী, মৃত ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী-এই তিন ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম দিবে মোবাইল অপারেটররা। দেশের বাইরে গিয়ে মোবাইল সিম ব্যবহারে জটিলতা, বায়োমেট্রিক সমস্যায় সিম রি-ইস্যু এবং গ্রাহকের মৃত্যুর পর নম্বর হস্তান্তর—এ ধরনের তিনটি পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। এসব সমস্যা সমাধানে এবার বিশেষ পদ্ধতিতে সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি বিভিন্ন বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, বিদেশে অবস্থানরত অনেক গ্রাহক তাদের বাংলাদেশি সিম বন্ধ হয়ে যাওয়ায় ই-মেইল, হোয়াটসঅ্যাপসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবায় প্রবেশাধিকার হারাচ্ছেন। অস্ট্রেলিয়ায় থাকা সুজন রহমানের ক্ষেত্রেও এমন একটি ঘটনা ঘটে, যেখানে বাংলাদেশি সিম অকেজো হয়ে যাওয়ায় তিনি জরুরি যোগাযোগ ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাজ সম্পন্ন করতে সমস্যায় পড়েন। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সিম পুনরুদ্ধারের চেষ্টা করেন।

বিটিআরসির তথ্যানুযায়ী, গত এক বছরে চার মুঠোফোন অপারেটরের এমন সব জটিলতার ৮৮টি অনুরোধ অনুমোদন করেছে তারা। এর মধ্যে সিম রিপ্লেসমেন্ট ৫১টি। নতুন সিম নিবন্ধন ৮টি। মালিকানা পরিবর্তন ২৯টি।

বর্তমানে সাড়ে ১৮ কোটির বেশি সিম সংযোগধারীকে সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর। মোবাইল অপারেটররা বলছে, নতুন সিদ্ধান্তে গ্রাহক ভোগান্তি কমবে।

তিন ধরনের জটিলতা হলো:
 
১. মূল গ্রাহক বিদেশে থাকলে তার মনোনীত ব্যক্তির কাছে সিম হস্তান্তর
 
২. বয়স্ক বা অসুস্থ ব্যক্তির আঙুলের ছাপের অমিল হলে সিম প্রদান
 
৩. গ্রাহকের মৃত্যুর পর বৈধ উত্তরাধিকারীর কাছে সিম হস্তান্তর

বিদেশে অবস্থানকারীদের জন্য নতুন নিয়ম...

বিটিআরসি জানিয়েছে, মূল গ্রাহক বিদেশে থাকলে তার সিম পুনরায় উত্তোলনের জন্য কিছু নির্দিষ্ট নথি বাধ্যতামূলক হবে। এর মধ্যে রয়েছে—

  • পাসপোর্ট ও ভিসার অনুলিপি
  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
  • গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র
  • কর্মসংস্থানের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

বায়োমেট্রিক জটিলতায় বিশেষ ব্যবস্থা

অনেক ক্ষেত্রে বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের আঙুলের ছাপ বায়োমেট্রিক সিস্টেমে সঠিকভাবে না মেলায় সিম নিবন্ধন বা রি-ইস্যুতে সমস্যা তৈরি হয়। এসব ক্ষেত্রে এখন থেকে— জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সিম প্রদান করা যাবে।

মৃত্যুজনিত ক্ষেত্রে সিম হস্তান্তর

গ্রাহকের মৃত্যুর পর তার নামে নিবন্ধিত সিম হস্তান্তর নিয়েও দীর্ঘদিন ধরে জটিলতা রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে—

মৃত ব্যক্তির এনআইডি, মৃত্যুসনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দাখিল করে সিমের মালিকানা হস্তান্তরের আবেদন করা যাবে।

এ অবস্থায় তিন ধরনের বায়োমেট্রিক জটিলতার ক্ষেত্রে 'বিশেষ পদ্ধতিতে' সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

মোবাইল অপারেটর কোম্পানিগুলো মনে করছে, নতুন এই নিয়ম চালু হলে বিদেশে থাকা গ্রাহক, প্রবীণ বা অসুস্থ ব্যক্তি এবং মৃত গ্রাহকের পরিবারের সদস্যদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের