স্প্যানিশ লিগ ছাড়লেও স্পেনের ফুটবলে ঠিকই রয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়, মালিক হিসেবে। স্পেনের দ্বিতীয় বিভাগের দল আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা। নিজস্ব বিনিয়োগ কোম্পানির মাধ্যমে এই চুক্তি সম্পন্ন করেছেন তিনি।
গত ৫ ফেব্রুয়ারি ৪১ বছরে পা দিয়েছেন রোনালদো। এর আগে তিনি জানিয়েছিলেন, খেলোয়াড়ি জীবন শেষে একটি ফুটবল ক্লাবের মালিক হতে চান। তবে বুট জোড়া তুলে রাখার আগেই সেই ইচ্ছা পূরণ করে ফেললেন সিআরসেভেন। দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসেবে এই চুক্তিকে দেখা হচ্ছে। এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখার ইচ্ছা আমার দীর্ঘদিনের। ইউডি আলমেরিয়া শক্ত ভিত্তিসম্পন্ন ও সম্ভাবনাময় একটি স্প্যানিশ ক্লাব। দলটির সঙ্গে কাজ করে তাদের নতুন বিকাশ-পর্বে আমি সহায়তা করতে চাই।’
গত বছরের (২০২৫) মে মাসে আলমেরিয়ার নিয়ন্ত্রণ নেয় একটি সৌদি বিনিয়োগ গোষ্ঠী। ক্লাবের নতুন অংশীদার হিসেবে রোনালদোকে পেয়ে উচ্ছ্বসিত আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি। তিনি বলেন, ‘মাঠে তিনি সেরাদের একজন। স্প্যানিশ লিগ সম্পর্কে তাঁর দারুণ ধারণা রয়েছে। দল ও যুব একাডেমি নিয়ে আমরা যা গড়তে চাইছি, রোনালদো সেটির সম্ভাবনা খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন।’
২০২৪ সালের এপ্রিলে স্পেনের শীর্ষ লিগ (লা লিগা) থেকে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যায় আলমেরিয়া। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে দলটি। ২৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে আবারও লা লিগায় ফেরার জোর লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
রেডিওটুডে নিউজ/আনাম

