২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে রূপকথার মতো এক অভিযানের জন্ম দিয়েছিল নরওয়ে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে আলোচনায় আসে ভাইকিংরা। তবে সেই স্বপ্নের যাত্রা থেমে যায় শেষ আটেই। শনিবার রাতে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নরওয়ে।
এই হতাশাজনক বিদায়ের পর সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘এটি ছিল সত্যিই অসাধারণ একটি যাত্রা। আমাদের এই পথচলাকে এতটা স্মরণীয় করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
হালান্ডের এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অসংখ্য সমর্থক নরওয়ের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
যদিও কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে নরওয়ের বিশ্বকাপ মিশন, পুরো আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। পাঁচ ম্যাচে সাত গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের পর তৃতীয় স্থানে রয়েছেন।
বিশেষ করে শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে হালান্ডের শেষ মুহূর্তের জোড়া গোল ছিল টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তার অসাধারণ নৈপুণ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নেয়। অন্যদিকে, নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে।
রেডিওটুডে নিউজ/আনাম

